দ্বিগুণ হচ্ছে MLA-LAD তহবিল, ২ কোটি টাকা বরাদ্দের ঘোষণা মুখ্যমন্ত্রীর
বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল দ্বিগুণ, ২ কোটি টাকা বরাদ্দের ঘোষণা
গুয়াহাটি, ৬ জুন : রাজ্যের প্রতিটি বিধানসভা সমষ্টির উন্নয়নে আরও গতি আনতে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল (MLALAD) বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, বর্তমানে প্রতি বিধায়কের জন্য বরাদ্দ ১ কোটি টাকা থেকে বাড়িয়ে চলতি অর্থবর্ষে ১.৫ কোটি টাকা করা হয়েছে। আগামী অর্থবর্ষ থেকে এই তহবিল আরও বাড়িয়ে ২ কোটি টাকা করা হবে।
সরকারি সূত্রে জানা গেছে, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের মাধ্যমে সংশ্লিষ্ট বিধায়করা নিজেদের সমষ্টিতে ছোট ও মাঝারি পরিকাঠামোগত উন্নয়নমূলক প্রকল্পের সুপারিশ করতে পারেন। রাস্তা, ড্রেন, কমিউনিটি হল, পানীয় জলের ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন জনকল্যাণমূলক কাজে এই তহবিল ব্যবহার করা হয়।
মন্ত্রিসভার বৈঠকে তহবিল বৃদ্ধির পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের নির্দেশিকাতেও কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোট বরাদ্দের সর্বোচ্চ ১০ শতাংশ অর্থ স্কুলের আসবাবপত্র, হুইলচেয়ার, অ্যাম্বুলেন্স, ক্রীড়া ও সাংস্কৃতিক সরঞ্জামের মতো জনকল্যাণমূলক সামগ্রী ক্রয় ও বিতরণের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে।
রাজ্য সরকারের দাবি, তহবিল বৃদ্ধি হলে স্থানীয় চাহিদাভিত্তিক উন্নয়নমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানে বিধায়কদের ভূমিকা আরও কার্যকর হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন