সোনাই কৃষকদের মধ্যে উন্নতমানের সরকারি বীজ বিতরণ
প্রকৃত কৃষকদের অধিকার নিশ্চিত করতে কড়া বার্তা আমিনুলের
নিউজ ডেস্ক:
কৃষকরাই দেশের মেরুদণ্ড। কৃষকদের পরিশ্রমের ফলেই দেশে খাদ্যশস্য উৎপাদন হয় এবং সেই ফসল বিদেশেও রফতানি করা হচ্ছে। বৃহস্পতিবার কাছাড় জেলার সোনাই কৃষি বিভাগের সাব ডিভিশন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের গুরুত্ব তুলে ধরে এমনই বক্তব্য রাখেন সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর। কৃষকদের প্রাপ্য সরকারি সুযোগ-সুবিধা সময়মতো পৌঁছে দেওয়ার ওপর জোর দিয়ে আমিনুল বলেন, প্রকৃত কৃষকদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিদের সুবিধা দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অতীতে প্রভাবশালী অ-কৃষকদের কৃষি যন্ত্রপাতি, বিশেষ করে ট্র্যাক্টর প্রদান করা হয়েছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, তাঁর বিধায়কত্বকালে এ ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।
অনুষ্ঠানে কৃষি বিভাগের এসডিও জয়নাল আবেদীন কৃষকদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন। তিনি প্রধানমন্ত্রীর ‘খেত বাঁচাও’ অভিযানের লক্ষ্য বাস্তবায়নে কৃষকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে কৃষি বিভাগের উদ্যোগে কয়েকজন প্রগতিশীল কৃষকের হাতে উন্নতমানের ধানের বীজ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কিষান কংগ্রেসের সভাপতি বাবুল আহমেদ বড়ভূইয়া, ব্লক কংগ্রেস সভাপতি নাসিম আহমেদ লস্কর, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এম বিরমোহন সিনহা ও আলম হোসেন চৌধুরী সহ অন্যান্যরা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন