যন্তর-মন্তরে NEET কেলেঙ্কারির প্রতিবাদে সরব অসমের যুবক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
যন্তর-মন্তরে NEET কেলেঙ্কারির প্রতিবাদে সরব অসমের যুবক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
দিল্লি, ৫ জুন
নয়াদিল্লির যন্তর-মন্তরে NEET প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন শিক্ষা কেলেঙ্কারির বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে ক্ষোভ উগরে দিলেন অসমের এক যুবক। সংবাদ মাধ্যমে তিনি বলেন, বর্তমানে দেশজুড়ে হিন্দু-মুসলিম ও অন্যান্য বিতর্কিত বিষয় নিয়ে রাজনৈতিক আলোচনা বেশি হলেও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলি উপেক্ষিত হচ্ছে। প্রতিবাদস্থলে তিনি বলেন, “অসম হোক বা ভারত, আজ প্রকৃত সমস্যাগুলো নিয়ে কেউ কথা বলতে চায় না। ছাত্র-ছাত্রীরা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে পরীক্ষার প্রস্তুতি নেয়। কিন্তু পরে যদি জানতে পারে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তাহলে তাদের মানসিকভাবে ভেঙে পড়তে হয়। অনেকেই হতাশায় চরম সিদ্ধান্ত পর্যন্ত নিতে বাধ্য হয়।” তিনি আরও বলেন, NEET-সহ বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। তাই এই ঘটনার দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দ্রুত পদত্যাগ করা উচিত বলেও দাবি জানান তিনি। উল্লেখ্য, NEET প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-যুবরা দিল্লির যন্তর-মন্তরে একত্রিত হয়ে প্রতিবাদে শামিল হয়েছেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন